ঢাকা, শনিবার   ১১ এপ্রিল ২০২৬,   চৈত্র ২৮ ১৪৩২

ফরিদপুরের নারী লেবাননে নিহত, বাড়িতে শোকের মাতম

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৭:২৯ পিএম, ১১ এপ্রিল ২০২৬ শনিবার

লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলি বিমান হামলায় ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার এক প্রবাসী নারী নিহত হয়েছেন। নিহতের মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে এলাকায় শোকের মাতম শুরু হয়। 

নিহত দিপালী আক্তার (৩৪) উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের পূর্ব চরশালের গ্রামের শেখ মোফাজ্জলের মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে লেবাননে গৃহকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত পাঁচ বছর ধরে লেবাননে কর্মরত দিপালী গত ৮ এপ্রিল বুধবার তার নিয়োগকর্তার (কফিল) পরিবারের সঙ্গে বৈরুতে অবস্থান করছিলেন। ওই সময় ইসরাইলি বিমান হামলার কবলে পড়ে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। ভয়াবহ এই হামলায় দিপালীর নিয়োগকর্তা ও তার পরিবারের আরও ৬ সদস্যসহ মোট ৭ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

এ ঘটনায় শনিবার দুপুরে চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ নিহতের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তিনি পরিবারের হাতে নগদ অর্থ ও খাদ্য সহায়তা তুলে দেন এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন চরহরিরামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান বিল্লাল হোসেন এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ফরিদপুর জেলা শাখার সহকারী পরিচালক মো. আশিক সিদ্দিকী।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের জেলা সহকারী পরিচালক মো. আশিক সিদ্দিকী জানান, “বৈরুতে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে আমরা বিষয়টি নিশ্চিত হয়েছি। বর্তমানে দিপালীর মরদেহ রফিক হারিরি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।”

তিনি আরও জানান, মৃতদেহ দেশে পৌঁছানোর পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং দাফন ও যাতায়াত বাবদ সরকারিভাবে পরিবারকে ২৫ হাজার টাকা অনুদান দেওয়া হবে।

বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক শোকবার্তায় দিপালী আক্তারের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।

অন্যদিকে, শোকাতুর স্বজনরা প্রিয়জনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এএইচ