ঢাকা, রবিবার   ১২ এপ্রিল ২০২৬,   চৈত্র ২৮ ১৪৩২

মার্কিন দুটি যুদ্ধজাহাজ অতিক্রম করলো হরমুজ প্রণালী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩২ পিএম, ১১ এপ্রিল ২০২৬ শনিবার

ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো দুটি মার্কিন যুদ্ধজাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে বলে জানা গেছে। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র এই কৌশলগত জলপথ ‘সচল’ কাজ করতে শুরু করেছে।

মার্কিন নৌবাহিনীর গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার দুটি কোনো সমস্যা ছাড়াই প্রণালীটি অতিক্রম করেছে বলে তিনজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে।

এই অভিযানটি তেহরানের কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরিচালিত হয়নি বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প বলেন, ‘আমরা এখন হরমুজ প্রণালী সচল করার প্রক্রিয়া শুরু করছি’ এবং এটিকে চীন, জাপান ও ফ্রান্সের মতো দেশগুলোর জন্য একটি ‘উপকার’ বলে উল্লেখ করেন, যাদের ‘নিজেদের এই কাজ করার সাহস বা ইচ্ছা নেই।’

তিনি দাবি করেন, সংঘাতে ইরান ‘বড় ধরনের পরাজয়ের মুখে’ রয়েছে, যদিও তিনি স্বীকার করেন যে এই কৌশলগত প্রণালীতে ইরানের পেতে রাখা মাইন এখনো হুমকি তৈরি করছে, যার মধ্য দিয়ে বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়।

ট্রাম্প লিখেছেন, ‘তাদের হাতে এখন একমাত্র বিষয় হলো, কোনো জাহাজ তাদের সমুদ্র মাইনের সঙ্গে ‘ধাক্কা খেতে’ পারে, এটি হুমকি।’

এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলে মার্কিন কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে এএফপির অনুরোধের জবাব দেননি।

ইরানের উপকূলঘেঁষা এই গুরুত্বপূর্ণ নৌপথটি গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে বোমা হামলা শুরুর পর থেকে কার্যত বন্ধ করে রেখেছে তেহরান। যদিও চলতি সপ্তাহে ঘোষিত নড়বড়ে যুদ্ধবিরতির একটি শর্ত ছিল এই প্রণালী পুনরায় চালু করা।

ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে সহিংসতা ছড়িয়ে দেওয়া এবং বৈশ্বিক অর্থনীতিতে ধাক্কা দেওয়া এই সংঘাতের অবসান ঘটাতে শনিবার পাকিস্তানে জ্যেষ্ঠ ইরানি ও মার্কিন কর্মকর্তারা আলোচনা শুরু করেছেন।

এর আগে আরেক পোস্টে ট্রাম্প বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে খালি তেলবাহী ট্যাংকার যুক্তরাষ্ট্রে তেল কিনতে রওনা হয়েছে, তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

এএইচ