হরমুজ প্রণালিতে মাইন অপসারণ করছে যুক্তরাষ্ট্র, দাবি সেন্টকমের
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:২১ এএম, ১২ এপ্রিল ২০২৬ রবিবার
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শনিবার যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার হরমুজ প্রণালি অতিক্রম করেছে।
এক্সে দেওয়া এক বিবৃতিতে সেন্টকম জানায়, ইরান যে সামুদ্রিক মাইন পুঁতে রেখেছে, তা থেকে নৌপথটি মুক্ত আছে কিনা—তা নিশ্চিত করতেই এই অভিযান।
বিবৃতিতে ডেস্ট্রয়ার দুটির নাম উল্লেখ করা হয়েছে ইউএসএস ফ্র্যাঙ্ক ই পিটারসেন এবং ইউএসএস মাইকেল মারফি।
সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার এক্সে দেওয়া আরেক বিবৃতিতে বলেন, “আজ আমরা একটি নতুন নৌপথ স্থাপনের প্রক্রিয়া শুরু করেছি এবংবাণিজ্যের অবাধ প্রবাহ উৎসাহিত করতে শিগগিরই এই নিরাপদ পথটি সামুদ্রিক শিল্পখাতের সঙ্গে ভাগাভাগি করব”।
চার ঘণ্টা ধরে ইরান-মার্কিন আলোচনা
ইরানের আধা সরকারি গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের মধ্যে আলোচনা চার ঘণ্টা পেরিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আলোচনার মাঝখানে দুই পক্ষ পরামর্শ ও বিশ্রামের জন্য কিছু সময়ের জন্য বিরতি নেয়। এরপর আবার আলোচনা শুরু হয়।
তবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি এবং আলোচনা আরও বাড়বে কি না, তাও স্পষ্ট নয়।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘বিশেষজ্ঞ পর্যায়ে’ আলোচনা শুরু হয়েছে।
তার মতে, এই পর্যায়ে দুই পক্ষের দেওয়া প্রস্তাবগুলোর "কারিগরি দিকগুলো পর্যালোচনা করা হবে"।
এর আগে দুই পক্ষের মধ্যে পাকিস্তানি মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে উচ্চ পর্যায়ের আলোচনা হয়েছে। দুজন সরকারি কর্মকর্তা বিবিসি উর্দুকে জানিয়েছেন, প্রাথমিক আলোচনা ‘ইতিবাচক’ হয়েছে।
হোয়াইট হাউস প্রেস পুলের এক প্রতিবেদনে এক মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, এই আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে "বিভিন্ন বিষয়ে কারিগরি বিশেষজ্ঞরা ইসলামাবাদে উপস্থিত রয়েছেন। পাশাপাশি ওয়াশিংটন থেকে অতিরিক্ত বিশেষজ্ঞদের সহায়তাও পাওয়া যাচ্ছে"।
অন্যদিকে ইসলামাবাদে আসা ইরানি প্রতিনিধি দলে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. নাসের হেম্মতি-সহ বিভিন্ন কারিগরি বিশেষজ্ঞরাও রয়েছেন।
এএইচ
