হাসপাতালে সুস্থ আছেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু: একান্ত সচিব
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:৪৩ এএম, ১২ এপ্রিল ২০২৬ রবিবার
দু’দিনের সফরে লালমনিরহাটে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু অনেকটা সুস্থ আছেন বলে জানিয়েছেন তার একান্ত সচিব সেলিম আহমদ।
শনিবার রাতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন সেলিম আহমদ। তিনি বলেন, মন্ত্রী হাসপাতালে অনেকটা সুস্থ হয়ে উঠছেন।
তিনি জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন মন্ত্রীর স্বাস্থ্যের খোজঁ-খবর নিয়েছেন। কিন্তু চিকিৎসকদের নির্দেশনা মোতাবেক কাউকে এখন আর দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে না।
পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে মন্ত্রীর দ্রুত আরোগ্যের জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে জানিয়ে একান্ত সচিব বলেন, গত কয়েকদিন যাবত মন্ত্রী বিভিন্ন জরুরি কাজে গভীর রাত পর্যন্ত জেগে ছিলেন। টানা কয়েকদিন রাতে ঘুমাতে পারেননি বিধায় মন্ত্রী অসুস্থ হয়ে পড়েন।
দু’দিনের সফরে আজ লালমনিরহাটে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তাৎক্ষণিকভাবে উপস্থিত নেতাকর্মী ও চিকিৎসকদের পরামর্শে তাকে সৈয়দপুর সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়।
পরে এয়ার অ্যাম্বুল্যান্স যোগে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আনা হয়। সেখানে ত্রাণমন্ত্রীর শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে ভর্তি করা হয়।
এএইচ
