নবনির্বাচিত দুই সংসদ সদস্যকে শপথ পড়ালেন স্পিকার
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:০৬ পিএম, ১২ এপ্রিল ২০২৬ রবিবার | আপডেট: ০৩:১৭ পিএম, ১২ এপ্রিল ২০২৬ রবিবার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত দুই সংসদ সদস্যকে শপথ পাঠ করালেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম।
আজ রোববার দুপুর সোয়া ১২টার দিকে জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন৷
শপথ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপসহ অন্যান্য হুইপবৃন্দ, সংসদ সদস্যগণ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব, অতিরিক্ত প্রেস সচিব ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এর আগে, গত শুক্রবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে উপ-নির্বাচন এবং শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনে বিজয়ীদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুসারে বাংলাদেশ নির্বাচন কমিশন গত ৯ এপ্রিল অনুষ্ঠিত জাতীয় সংসদের ১৪৫ শেরপুর-৩ আসনের স্থগিত করা সাধারণ নির্বাচন এবং ৪১ বগুড়া-৬ শূন্য আসনের উপনির্বাচনে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত প্রার্থীদের নাম, পিতার নাম, মাতার নাম এবং ঠিকানা প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, শেরপুর-৩ আসনে বিজয়ী হয়েছেন মো. মাহমুদুল হক রুবেল এবং বগুড়া-৬ আসনে বিজয়ী হয়েছেন মো. রেজাউল করিম বাদশা।
এএইচ
