ঢাকা, রবিবার   ১২ এপ্রিল ২০২৬,   চৈত্র ২৯ ১৪৩২

মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠন করতে চায় বিএনপি: চিফ হুইপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:০১ পিএম, ১২ এপ্রিল ২০২৬ রবিবার

বাস্তবতার নিরিখে বিরোধী দলকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে চিফ হুইপ নূরুল ইসলাম বলেছেন, বিএনপি মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠন করতে চায়।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট নির্দেশনা দিয়েছেন যে, কেউ যেন আইন হাতে তুলে না নেন। কোনো সমস্যা দেখা দিলে প্রশাসনকে জানাতে হবে।"

রোববার (১২ এপ্রিল) সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ জানান, বর্তমানে সংসদে বিএনপি দলীয় সংসদ সদস্য সংখ্যা ২১০ জন। সংসদকে সকল আলোচনার কেন্দ্রবিন্দু করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, "কমিটিতে ১৩৩টি অধ্যাদেশ চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে এবং তার মধ্যে ১১৭টি পাস করার সিদ্ধান্ত হয়েছে। মাত্র ৫ দিনে এতগুলো অধ্যাদেশ পাসের প্রক্রিয়া সম্পন্ন করা একটি ইতিহাস। বই ছাপানোর মতো কাজের প্রচুর চাপ থাকা সত্ত্বেও আমরা আন্তরিকভাবে কাজ করেছি।"

সংসদে বিরোধী দলের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে নূরুল ইসলাম বলেন, "প্রতিটি বিলের ওপর আলোচনার জন্য বিরোধী দলকে পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে। কিন্তু শেষ দিনে অত্যন্ত 'ঠুনকো' কারণ দেখিয়ে তারা সংসদ থেকে ওয়াকআউট করেছে, যা আমাদের ব্যথিত করেছে।"

তিনি আরও যোগ করেন, "পরবর্তী সেশনে সবগুলো বিল আলোচনার জন্য উত্থাপন করা হবে। মাত্র ১৩ দিনের সংসদে আস্থাহীনতার কোনো সুযোগ নেই, কারণ এই সংসদ পাঁচ বছরের জন্য। আমরা চাই সংসদীয় গণতন্ত্রের সুফল যেন সাধারণ মানুষ পায়।"

জ্বালানি তেলের দাম প্রসঙ্গে তিনি মন্তব্য করেন যে, অন্য কেউ সরকারে এলে এই পরিস্থিতিতে দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প পথ খোলা ছিল না।

এমআর//