ঢাকা, রবিবার   ১২ এপ্রিল ২০২৬,   চৈত্র ২৯ ১৪৩২

আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৩২ পিএম, ১২ এপ্রিল ২০২৬ রবিবার

জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা রক্ষায় দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি; দল-মত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ আছি।’

তিনি বলেন, ‘এটি কোনো একক দলের বা জোটের বিষয় নয়; এটি বাংলাদেশকে রক্ষার বিষয়। জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা রক্ষা এবং শহীদদের রক্ত যাতে বৃথা না যায়, সে লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। এজন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব।’

রোববার (১২ এপ্রিল) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে মুক্তিযোদ্ধা হলরুমে ১১ দলীয় ঐক্যের আয়োজনে ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায়’ তিনি এসব কথা বলেন। 

নাহিদ ইসলাম বলেন, আমরা হয়তো অন্তর্বর্তী সরকারের সময় আপনাদের পাশে সম্পূর্ণভাবে দাঁড়াতে পারিনি। তারপরও আমরা সর্বাত্মক চেষ্টা করেছি। এই সরকার জুলাই যোদ্ধাদের পক্ষে বড় বড় কথা বলে; আমরা দেখতে চাই তারা জুলাই যোদ্ধাদের জন্য এবং সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের চেয়ে বেশি কী করছে। 

জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, জুলাই অধিদপ্তর ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন অন্তর্বর্তী সরকারের সময় গঠন করা হয়েছিল। তারা সেই বিষয়গুলো কিছুটা বাস্তবায়ন করার চেষ্টা করছে, তবে অনেক ক্ষেত্রে তাদের অনীহা দেখা যাচ্ছে।

নাহিদ ইসলাম তার বক্তব্যে ১৯৯০ সালের পরবর্তী বিএনপি সরকারের সমালোচনা করে বলেন, নব্বইয়ের গণআন্দোলনের পর বিএনপি ক্ষমতায় এলেও তারা তিন দলের জোটের রূপরেখা অস্বীকার করেছিল। বর্তমানে তারা জুলাই সনদের কথা বললেও আসলে একে কলুষিত করেছে। তারা জোর করে সংস্কারের জায়গায় দলীয় ইশতেহারের বিষয় ঢুকিয়ে দিয়েছে। জুলাই সনদ কোনো দলীয় ইশতেহার হতে পারে না।

পুলিশ ও বিচার বিভাগ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, শেখ হাসিনার আমলে আমরা দেখেছি কীভাবে বিচার বিভাগকে দলীয়করণ করা হয়েছিল। বর্তমান পরিস্থিতিতেও আমরা দেখছি বিচারপতি নিয়োগ ও পুলিশ সংস্কারের ক্ষেত্রে টালবাহানা করা হচ্ছে। তারা হয়তো আবারও ‘জাতীয়তাবাদী পুলিশ বাহিনী’ তৈরির চেষ্টায় রয়েছে, যে কারণে সংস্কার অধ্যাদেশ বাস্তবায়ন করা হচ্ছে না।

অনুষ্ঠানে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা ছাড়াও জুলাই আন্দোলনের শহীদদের পরিবারের সদস্য এবং আহত ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।

এমআর//