ছেঁড়া-ফাটা নোট বিনিময়ে ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের কঠোর নির্দেশনা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:১৪ পিএম, ১২ এপ্রিল ২০২৬ রবিবার | আপডেট: ১১:১৮ পিএম, ১২ এপ্রিল ২০২৬ রবিবার
ছেঁড়া-ফাটা, ত্রুটিপূর্ণ ও ময়লাযুক্ত নোট গ্রহণ এবং এর বিনিময়ে নতুন বা পুনঃপ্রচলনযোগ্য নোট সরবরাহে দেশের সকল তফসিলি ব্যাংককে কঠোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সম্প্রতি জারি করা এক পরিপত্রে কেন্দ্রীয় ব্যাংক জানায়, জনসাধারণের স্বাভাবিক ও সুষ্ঠু নগদ লেনদেন নিশ্চিত করার স্বার্থে সকল ব্যাংকের সকল শাখাকে বিধি মোতাবেক ছেঁড়া-ফাটা ও ময়লাযুক্ত নোট গ্রহণ এবং বিনিময় সেবা নিয়মিতভাবে প্রদান করতে হবে।
পরিপত্রে বলা হয়, এ বিষয়ে ২০২৫ সালের ১৫ ডিসেম্বর জারি করা ডিসিএম পরিপত্র নং-০৪/২০২৫ এর নির্দেশনা থাকা সত্ত্বেও বাজারে এখনো ছেঁড়া-ফাটা ও ময়লাযুক্ত নোটের আধিক্য পরিলক্ষিত হচ্ছে, যা সাধারণ লেনদেনে ভোগান্তি সৃষ্টি করছে।
এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের ‘পরিচ্ছন্ন নোট নীতিমালা’ বাস্তবায়নের লক্ষ্যে জনসাধারণের কাছ থেকে বিভিন্ন মূল্যমানের ক্ষতিগ্রস্ত নোট, বিশেষ করে ছোট মূল্যমানের ৫, ১০, ২০ ও ৫০ টাকার নোট, ব্যাংকের বিশেষ কাউন্টারের মাধ্যমে নিয়মিতভাবে গ্রহণ করে তাৎক্ষণিকভাবে নতুন বা পুনঃপ্রচলনযোগ্য নোটের মাধ্যমে বিনিময় করার নির্দেশ দেয়া হয়েছে।
এ ছাড়া, কোনো ব্যাংকের কোনো শাখা এ ধরনের সেবা প্রদানে অনীহা দেখালে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও পরিপত্রে সতর্ক করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক এ নির্দেশনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে সংশ্লিষ্ট সকল ব্যাংককে যথাযথভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।
এমআর//
