ঢাকা, মঙ্গলবার   ১৪ এপ্রিল ২০২৬,   চৈত্র ৩০ ১৪৩২

ডিসি বদলি নিয়ে মন্তব্য: আমির হামজাকে আইনি নোটিশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৫ পিএম, ১৩ এপ্রিল ২০২৬ সোমবার

কুষ্টিয়ার জেলা প্রশাসকের (ডিসি) বদলি সংক্রান্ত বিষয়ে মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ আসনের সাংসদ ও ইসলামী বক্তা আমির হামজাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। 

সোমবার (১৩ এপ্রিল) কুষ্টিয়া জজ কোর্টের আইনজীবী আলহাজ মো. আব্দুল মজিদ সদর উপজেলার কমলাপুর এলাকার মো. রবিউল ইসলামের পক্ষে এ নোটিশ পাঠান।

নোটিশে উল্লেখ করা হয়, গত ২৭ মার্চ হরিপুর জামে মসজিদে জুমার নামাজের খুৎবার আগে মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে আমির হামজা বলেন, ‘কুষ্টিয়ার বর্তমান ডিসি বদলি হয়ে এখানে আসতে ২০ থেকে ৩০ কোটি টাকা খরচ করেছেন।’

পরবর্তীতে এই বক্তব্যের ভিডিও ও সংবাদ বিভিন্ন জাতীয় দৈনিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। নোটিশে দাবি করা হয়েছে, এমন বক্তব্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে এবং সরকারের দুর্নীতিমুক্ত দেশ গড়ার অঙ্গীকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে।

আইনি নোটিশে সংসদ সদস্যের কাছে দুটি বিষয় স্পষ্ট করার দাবি জানানো হয়েছে। প্রথমত, কুষ্টিয়ার ডিসি বদলির জন্য ঠিক কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে ২০ থেকে ৩০ কোটি টাকা দেওয়া হয়েছে, তা নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে জনসম্মুখে প্রকাশ করতে হবে।

দ্বিতীয়ত, অভিযোগে উল্লিখিত দুর্নীতিবাজদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনার উদ্যোগ নিতে বলা হয়েছে, যাতে দুর্নীতিমুক্ত দেশ গঠনে একজন সংসদ সদস্য হিসেবে তিনি দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারেন।

এ বিষয়ে অ্যাডভোকেট আব্দুল মজিদ বলেন, বর্তমান সরকার সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কাজ করছে। একজন দায়িত্বশীল সংসদ সদস্য প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললে তার পক্ষে যথাযথ প্রমাণ থাকা জরুরি। অন্যথায় এটি গুজব ছড়িয়ে অস্থিরতা সৃষ্টির শামিল।

নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পাওয়া গেলে বা অভিযোগের পক্ষে প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

এমআর//