ঢাকা, মঙ্গলবার   ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

২৭ বছরে পা রাখলো একুশে টেলিভিশন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৭ এএম, ১৪ এপ্রিল ২০২৬ মঙ্গলবার | আপডেট: ০৭:০০ পিএম, ১৪ এপ্রিল ২০২৬ মঙ্গলবার

নানা বাধা, ঘাত-প্রতিঘাত পেরিয়ে সফলতার ২৬ বছর পূর্ণ করে ২৭ বছরে পা রাখলো দেশের প্রথম বেসরকারি টেরিস্ট্রিয়াল টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশন। ‘পরিবর্তনে অঙ্গীকারাবদ্ধ' এই মূলমন্ত্রকে ধারণ করে দীর্ঘ আড়াই দশকেরও বেশি সময় ধরে গণমানুষের আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে একুশে। 

একুশে পরিবারকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহাদী দেশের শীর্ষস্থানীয় রাজনীতিবিদ, বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। 
বক্তারা একুশের উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, বারবার কন্ঠরোধ করা হলেও সত্য প্রকাশে পিছ পা হবে না একুশে। 
    
প্রতিষ্ঠাবার্ষিকী মাহেন্দ্রক্ষণ উদযাপনে রাত ১২টা ১ মিনিটে একুশের প্রধান কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে কেক কাটা হয়। একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম প্রতিষ্ঠানের সকল স্তরের কর্মীদের সঙ্গে নিয়ে এই আনন্দ ভাগ করে নেন। 

এসময় একুশের চেয়ারম্যান ও সিইও বলেন, একুশে সত্য প্রকাশে কখনো পিছপা হবে না।

অতিথিরা তাদের বক্তব্যে বাংলাদেশের গণমাধ্যম বিকাশে একুশে টেলিভিশনের সাহসী ভূমিকার প্রশংসা করেন। অতীতের ন্যায় আগামীতেও বস্তুনিষ্ঠ সংবাদ এবং সুস্থ সংস্কৃতির ধারক হিসেবে একুশে টেলিভিশন তার শ্রেষ্ঠত্ব বজায় রাখবে বলে আশা প্রকাশ করেন তারা। 

শুধু তথ্য, বিনোদন নয় একুশে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও জাতি গঠনে স্মরণীয় ভূমিকা রাখবে এমন প্রত্যাশাও করেন রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

একুশের ডাকে সাড়া দেওয়ায় অতিথিদের ধন্যবাদ জানান একুশের ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাসনোভা মাহবুব সালাম।

দর্শকদের ভালোবাসা ও কর্মীদের নিরলস পরিশ্রমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামীতে আরও আধুনিক ও জনবান্ধব সাংবাদিকতার প্রতিশ্রুতি দেয় একুশে পরিবার।

এএইচ