ঢাকা, বুধবার   ১৫ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১ ১৪৩৩

হাসপাতালে চাঁদা দাবি: প্রধান আসামি মঈনসহ তিনজন রিমান্ডে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:২৩ পিএম, ১৪ এপ্রিল ২০২৬ মঙ্গলবার

রাজধানীর শ্যামলীতে সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে (সিকেডিইউ) চাঁদা দাবির ঘটনায় করা মামলায় প্রধান আসামি মঈন উদ্দিন মঈনসহ তিনজনের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত। 

আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।

এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদেরকে সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জমসেদ আলম প্রত্যেকের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডকৃত অপর দুই আসামি হলেন- এমবি স্বপ্নন কাজী ও শাওন হোসেন।

সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে ৫ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় গত ১১ এপ্রিল হাসপাতালটির অপারেশন থিয়েটার ইনচার্জ মো. আবু হানিফ বাদি হয়ে শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় মঈন উদ্দিনকে (মঈন) প্রধান আসামি করা হয়। এছাড়া মামলায় আরো ৭/৮ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে দ-বিধির ১৪৩/৪৪৭/৩৮৫/৩৪ ধারার অভিযোগ আনা হয়েছে।

এএইচ