ঢাকা, বুধবার   ১৫ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১ ১৪৩৩

টেকনাফে বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৫ পিএম, ১৪ এপ্রিল ২০২৬ মঙ্গলবার | আপডেট: ১০:৩৬ পিএম, ১৪ এপ্রিল ২০২৬ মঙ্গলবার

কক্সবাজারের টেকনাফে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশের প্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে টেকনাফ প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এর আগে উপজেলা চত্বর থেকে একটি আনন্দ র‍্যালি বের করা হয়, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

একুশে টেলিভিশনের টেকনাফ প্রতিনিধি নুরুল করিম রাসেলের সভাপতিত্বে এবং সাংবাদিক নাসির উদ্দীনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মো. আব্দুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টেকনাফ থানার ওসি (তদন্ত) সুকান্ত কুমার দে, হ্নীলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলী, টেকনাফ প্রেসক্লাবের আহ্বায়ক আবুল কালাম আজাদ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, সাংবাদিক আমান উল্লাহ কবির ও গিয়াস উদ্দীন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ‘পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ’ স্লোগান নিয়ে একুশে টেলিভিশন দীর্ঘ পথচলায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সমাজের নানা অসংগতি তুলে ধরে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে।ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সাংবাদিক মো. জোবাইরের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা আক্তারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, উন্নয়নকর্মী ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এমআর//