ঢাকা, বুধবার   ১৫ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১ ১৪৩৩

নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ইটিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৩ পিএম, ১৪ এপ্রিল ২০২৬ মঙ্গলবার

‘পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ’ স্লোগানকে ধারণ করে বস্তুনিষ্ঠ সংবাদ ও সৃজনশীল অনুষ্ঠান প্রচারের মধ্য দিয়ে জনপ্রিয় বেসরকারি চ্যানেল একুশে টেলিভিশন ২৭ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে দুপুরে নারায়ণগঞ্জ শহরের সায়েম প্লাজার তৃতীয় তলায় আলোচনা সভা, কেক কাটা ও অন্যান্য কর্মসূচির আয়োজন করা হয়।

একুশে টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি রবিউল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ও এনটিভির জেলা প্রতিনিধি বিল্লাল হোসেন রবিন, একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার হাবিবুর রহমান হাবিব, নিউজ২৪-এর জেলা প্রতিনিধি শরিফ সুমন, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি রোমান চৌধুরী সুমন, মোহনা টিভির জেলা প্রতিনিধি আজমির ইসলাম, যমুনা টিভির গ্রিস প্রতিনিধি কামরুজ্জামান ভূঁইয়া ডালিম, দৈনিক বাংলার জেলা প্রতিনিধি সেলিম আহমেদ ডালিম, বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি আরিফ হোসেন কনক, কালের কণ্ঠের সিটি প্রতিনিধি আব্দুল ওয়াহিদসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও ক্যামেরাপার্সনরা।

অনুষ্ঠানে জনপ্রতিনিধি ও সাংবাদিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, ‘একুশ’ মানে মুক্তচিন্তার প্রতীক ও সাহসী কণ্ঠস্বর। দেশের প্রথম বেসরকারি টেলিভিশন হিসেবে একুশে টেলিভিশন শুরু থেকেই নিরপেক্ষ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দর্শকদের আস্থা অর্জন করেছে।

আলোচনা সভা শেষে কেক কেটে একুশে টেলিভিশনের ২৭ বছরে পদার্পণ উদযাপন করা হয় এবং এর উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়। পরে জেলা প্রতিনিধিকে সম্মাননা স্মারক ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এমআর//