গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৩০ শতাংশ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:৪২ এএম, ১৫ এপ্রিল ২০২৬ বুধবার
গুচ্ছভুক্ত (জিএসটি) ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় পাসের হার ৩০ শতাংশ।
বুধবার (১৫ এপ্রিল সকালে ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক মনজুরুল হক এ তথ্য জানিয়েছেন।
প্রকাশিত ফলের পরিসংখ্যান অনুযায়ী, এ ইউনিটে মোট ১ লাখ ৬৬ হাজার ১৬২ শিক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৭৫ দশমিক ৩৫ শতাংশ (১ লাখ ২৫ হাজার ৯৩৮ জন) শিক্ষার্থী।
পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে পাস নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন ৩০ শতাংশ (৩৮ হাজার ৮৮ জন) শিক্ষার্থী। অপর দিকে ৩০ নম্বরের নিচে পেয়ে অকৃতকার্য হয়েছেন ৬৯ দশমিক ৫০ শতাংশ (৮৭ হাজার ৭৪০ জন) শিক্ষার্থী।
এ ছাড়া বিভিন্ন কারণে (বহিষ্কার, রোল, সেট ও শনাক্তকরণ ত্রুটি) ১১০ জনের ফল বাতিল করা হয়েছে।
এ ইউনিটের পরীক্ষায় প্রথম হয়েছেন ঢাকার মোহাম্মদপুর সরকারি কলেজের শিক্ষার্থী তৌকির সিদ্দিকী ইশতি। তিনি সর্বোচ্চ ৮৭ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেন।
শিক্ষার্থীরা জিএসটি ওয়েবসাইটে গিয়ে নিজস্ব ফল দেখতে পারবেন। পরবর্তী নির্দেশনা ওয়েবসাইটে দেওয়া হবে বলে জানিয়েছেন ভর্তি পরীক্ষা কমিটি।
এএইচ
