৩ দিন পর জাতীয় সংসদের অধিবেশন ফের শুরু
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:১৬ পিএম, ১৫ এপ্রিল ২০২৬ বুধবার
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠক শুরু হয়েছে। গত ১১ এপ্রিল এই সংসদের ১৩তম দিনের কার্যক্রম শেষে তিন দিনের জন্য মুলতবি ঘোষণা করেন স্পিকার।
আজ বুধবার ১১টা ২ মিনিটে পুনরায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়েছে।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অধিবেশনে প্রথমে প্রশ্ন-উত্তর পর্ব উত্থাপন করা হচ্ছে।
চলতি অধিবেশনে এ পর্যন্ত ৯১টি বিল পাস হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রীরা বিলগুলো উত্থাপন করলে সর্বসম্মতিক্রমে সেগুলো পাস হয়।
অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে সংসদের বিশেষ কমিটি ৯৮টি অপরিবর্তিতভাবে এবং ১৫টি সংশোধনসহ পাসের সুপারিশ করে। বাকি ২০টির মধ্যে ৪টি বাতিল এবং ১৬টি আরও শক্তিশালী করে নতুন বিল আকারে আনার সুপারিশ করা হয়।
উল্লেখ্য, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেন। সংসদে বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিচ্ছেন সংসদ সদস্যগণ।
এএইচ
