ঢাকা, বৃহস্পতিবার   ১৬ এপ্রিল ২০২৬,   বৈশাখ ২ ১৪৩৩

বাংলাভাষী পাঠকদের মাঝে পাঠাভ্যাস বাড়াতে হবে: আজহারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩২ পিএম, ১৫ এপ্রিল ২০২৬ বুধবার

অমর একুশে বইমেলা ২০২৫-এ প্রকাশিত আলোড়ন সৃষ্টিকারী গ্রন্থ ‘এক-নজরে কুরআন’-এর সাফল্য উদযাপনে ‘বই উৎসব ২০২৬’ আয়োজন করেছে সত্যায়ন প্রকাশন।

রাজধানীর বনানীর হোটেল শেরাটনে আয়োজিত এ অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন জনপ্রিয় ইসলামিক স্কলার ও লেখক ড. মিজানুর রহমান আজহারি। ‘বইয়ের আলোয় রাঙাই সময়’ স্লোগানকে সামনে রেখে দিনব্যাপী আয়োজনে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, করপোরেট ব্যক্তিত্ব ও পাঠকদের অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানটি।

অনুষ্ঠানে প্রিয় লেখকের সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ পেয়ে পাঠকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। ‘এক-নজরে কুরআন’ বইটির প্রতি দেশ-বিদেশের পাঠকদের আগ্রহ ও আত্মিক সংযোগকে উদযাপন করতেই এ আয়োজন করা হয়।

এ সময় ‘সচেতনতা ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষ সাধনে পাঠাভ্যাস বৃদ্ধি’ শীর্ষক আলোচনায় ড. মিজানুর রহমান আজহারি বলেন, মানব সভ্যতার শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত জ্ঞানচর্চার বিবর্তনে লেখন পদ্ধতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি হায়ারোগ্লিফিক্স বা চিত্রলিপি থেকে আধুনিক জ্ঞানব্যবস্থার বিকাশ তুলে ধরেন এবং মেধা ও মননের বিকাশে বই পড়ার গুরুত্বের ওপর জোর দেন। একই সঙ্গে উন্নত দেশগুলোর সঙ্গে তুলনা করে বাংলাভাষী পাঠকদের মধ্যে পাঠাভ্যাস বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. শেখ মহিউদ্দিন, ডা. জাহাঙ্গীর কবির, ড. মোহাম্মদ আব্দুর রব, সানাউল্লাহ রাহমানী ও মাওলানা সাইমুম সাদী।

সত্যায়ন প্রকাশনের ইসমাইল হোসাইন জানান, ‘এক-নজরে কুরআন’ বইটি যেভাবে দেশ-বিদেশের লাখো পাঠকের হৃদয় ছুঁয়ে গেছে, সেই আনন্দকে স্মরণীয় করে রাখতেই এ আয়োজন। পাঠকদের ভালোবাসা প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে আরও মানসম্মত ও সৃজনশীল কাজ করতে উৎসাহিত করবে।

এমআর//