অবরোধের ৪৮ ঘণ্টায় ১০ জাহাজ ফেরত পাঠানোর দাবি যুক্তরাষ্ট্রের
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:৫১ পিএম, ১৬ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার | আপডেট: ০১:৩৮ পিএম, ১৬ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর নৌ-অবরোধের প্রথম ৪৮ ঘণ্টায় তারা ১০টি জাহাজকে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে। যেগুলো ইরানি বন্দর থেকে বের হওয়ার চেষ্টা করছিল।
বুধবার ওয়াশিংটন থেকে এএফপি এ কথা জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে বলেছে, ‘সোমবার থেকে মার্কিন অবরোধ শুরু হওয়ার পর এ পর্যন্ত ১০টি জাহাজকে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং একটি জাহাজও এই অবরোধকে ভাঙতে পারেনি।’
সেন্টকম এর আগে ফিরিয়ে দেওয়া জাহাজের সংখ্যা নয়টি বললেও পরে আরও একটি জাহাজ যুক্ত করেছে।
তারা জানায়, মার্কিন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারের মাধ্যমে ১০ম জাহাজটিকে পুনরায় ইরানের দিকে ফিরিয়ে দেওয়া হয়েছে।
কোনো জাহাজ অবরোধ পার হতে পারেনি বলে সেন্টকম দাবি করলেও, সামুদ্রিক জাহাজ চলাচল ট্র্যাকিং ডাটা বা উপাত্তে এর ভিন্ন চিত্রই দেখা গেছে।
মঙ্গলবারের ট্র্যাকিং ডাটা ইঙ্গিত দিচ্ছে যে, ইরানি বন্দর থেকে ছেড়ে আসা অন্তত তিনটি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। যদিও এই রুটে চলাচলকারী কিছু জাহাজ পরবর্তীতে ফিরে গেছে।
সামুদ্রিক তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ‘কেপলার’ এর মতে, সোমবার ওয়াশিংটনের অবরোধ কার্যকর হওয়ার পর হরমুজ প্রণালী অতিক্রম করা ইরানের সঙ্গে সংশ্লিষ্ট অন্তত সাতটি জাহাজের মধ্যে ওই তিনটি জাহাজ ছিল।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলা শুরু হওয়ার পর, তেহরান বাহিনী কার্যকরভাবে এই প্রণালীটি বন্ধ করে দেয়।
পরবর্তীতে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ায় গত রোববার ইরান বন্দরগুলোতে অবরোধের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।
এএইচ
