কুষ্টিয়ায় গড়াই নদীতে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:১০ পিএম, ১৬ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার
কুষ্টিয়া শহরের পাশ দিয়ে প্রবাহিত গড়াই নদীতে গোসলে নেমে সাফিন (১২) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় তার দুই ভাইকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে শহরের রেনউইক বাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাফিন স্থানীয় একটি বেসরকারি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র এবং রেনউইক মোড় এলাকার শামসুল আলম হীরার ছেলে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিকেলে সাফিন তার ভাই নাফিন ও চাচাতো ভাই স্মরণকে নিয়ে বাড়ির সামনে গড়াই নদীতে গোসলে নামে। একপর্যায়ে তারা নদীর স্রোতে ভেসে যায়। এ সময় রেনউইক বাঁধে বেড়াতে আসা লোকজন নাফিন ও স্মরণকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও সাফিন নদীতে তলিয়ে যায়।
পরে সন্ধ্যায় ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় নদী থেকে সাফিনের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এমআর//
