মানিকগঞ্জে শিশুর মরদেহ উদ্ধার ঘিরে সংঘর্ষ, নিহত ২
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:৪১ পিএম, ১৭ এপ্রিল ২০২৬ শুক্রবার
মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল এলাকায় ভুট্টাক্ষেত থেকে আতিকা আক্তার (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল ) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বনপারিল দক্ষিণপাড়া গ্রামের মো. দুদুল মিয়ার মেয়ে ও প্রথম শ্রেণির ছাত্রী আতিকা আক্তার প্রতিবেশী কামরুল ইসলামের মেয়ে টুম্পার গায়ে হলুদের অনুষ্ঠান উপলক্ষে তাদের বাড়ির সামনে খেলাধুলা করছিল। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে আতিকার চাচাতো ভাই আলী (৬) জানায়, তাকে প্রতিবেশী পান্নুর ছেলে নাঈম (১৫)-এর সঙ্গে দেখা গেছে। পরে নাঈমকে জিজ্ঞাসাবাদ করলে সে পাশের একটি ভুট্টাক্ষেতে নিয়ে যায়। সেখান থেকে আতিকার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় পরিস্থিতি বেগতিক দেখে নাঈম পালিয়ে যায়।
এ ঘটনার পর উত্তেজিত জনতা নাঈমের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় নাঈমের বাবা পান্নু (৪৫), তার ভাই ফারুক এবং নাজমুলসহ পরিবারের কয়েকজনকে মারধর করা হয়। পরে তাদের একটি পুকুরে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।
পরে ওই পুকুর থেকে দুইটি মরদেহ ভাসতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, নিহতদের একজন পান্নু এবং অপরজন তার ভাই ফারুক। এদিকে, আহত নাজমুল (২২) কে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর মানিকগঞ্জ জেলা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন বলেন, শিশুটি এবং ওই দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে গণপিটুনির ঘটনাতেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমআর//
