ঢাকা, শুক্রবার   ১৭ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৪ ১৪৩৩

দুই দফা দাবিতে কুষ্টিয়ায় বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৫৫ পিএম, ১৭ এপ্রিল ২০২৬ শুক্রবার

দুই দফা দাবিতে কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন শ্রমিকরা। ফলে জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে জেলার অভ্যন্তরীণ সব রুটে যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৫টা থেকে মালিক গ্রুপ ও মালিক সমিতির অধীনে কোনো যাত্রীবাহী বাস ছেড়ে যায়নি।

পরিবহন শ্রমিকদের দাবি, মালিকরা যে সুযোগ-সুবিধা ভোগ করেন, তা শ্রমিকদেরও দিতে হবে। পাশাপাশি শ্রমিক সংগঠনের নামে কুষ্টিয়া-খুলনা রুটে একটি বাস চালানোর অনুমোদন দিতে হবে। এসব দাবিতে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন কর্মবিরতির ডাক দেয়।

এর ফলে কুষ্টিয়া-মেহেরপুর, কুষ্টিয়া-প্রাগপুর, কুষ্টিয়া-খুলনা-যশোর, কুষ্টিয়া-রাজবাড়ী, কুষ্টিয়া-বরিশাল, কুষ্টিয়া-রাজশাহী এবং কুষ্টিয়া-পাবনা-সিরাজগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। তবে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানান, এক সপ্তাহ আগে শ্রমিকরা তাদের দাবিগুলো জানিয়েছিল। দাবি পূরণ না হওয়ায় শুক্রবার থেকে তারা কর্মবিরতি শুরু করেছেন।

তিনি আরও বলেন, দাবি বাস্তবায়ন না হলে শ্রমিকরা আরও কঠোর কর্মসূচি দিতে পারে।

এমআর//