হাম ও হামের উপসর্গ নিয়ে এক দিনে আরও ৫ শিশুর মৃত্যু
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:১৩ পিএম, ১৭ এপ্রিল ২০২৬ শুক্রবার
গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৮টা থেকে শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত সারা দেশে মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে তিনজন নিশ্চিত হাম আক্রান্ত হয়ে এবং দুইজন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। নিশ্চিত হামে আক্রন্ত হয়ে মারা যাওয়া শিশুর মধ্যে দুইজন বরিশাল, একজন ঢাকা বিভাগের। সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া দুজনই ঢাকা বিভাগের।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ১১৫ জনের মধ্যে সন্দেহজনক হাম সংক্রমণ শনাক্ত হয়েছে। এরমধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১২৭ শিশু। যাদের অধিকাংশই ঢাকা বিভাগের।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্ত হয়ে ৩৭ শিশুর মৃত্যু হয়েছে। একইসময়ে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে ১৭৪ শিশুর মৃত্যু হয়েছে।
এমআর//
