ঢাকা, শুক্রবার   ১৭ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৪ ১৪৩৩

চিন্ময় কৃষ্ণের মুক্তির পথ সুগম করতে ব্যবস্থা নেব: সংস্কৃতিমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:১৬ পিএম, ১৭ এপ্রিল ২০২৬ শুক্রবার

সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের দ্রুত মুক্তির বিষয়ে সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। 

শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে ‘মহানগর পরিবার দিবস-২০২৬’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, ‘চিন্ময় দাসকে অন্তর্বতীকালীন সরকার গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে কী অভিযোগ ছিল যে, তাকে এভাবে আটক রাখা হয়েছে। আমি এ বিষয়টি নিয়ে যথাযোগ্য জায়গায় আজ-কালের মধ্যেই কথা বলব এবং তার মুক্তির পথ যেন সুগম হয়, সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে পাহাড়ি জনগোষ্ঠী, সমতলের বিভিন্ন জনগোষ্ঠী, উপজাতি, জাতিসত্তা ও ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ নানা সম্প্রদায় রয়েছে। এসব জনগোষ্ঠীর সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে সংস্কৃতি মন্ত্রণালয় কাজ করছে এবং প্রয়োজনীয় অনুসন্ধান চালাচ্ছে। ঢাকেশ্বরী মন্দিরকে প্রত্নতাত্ত্বিক গুরুত্বসম্পন্ন স্থাপনার তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত বলে আমি মনে করি।’

তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসার ক্ষেত্রে হিন্দুদের বিশাল অবদান আছে, দল কৃতজ্ঞ। দেশের সার্বভৌম ক্ষমতা জনগণের। অতএব, সরকারকে সব ধর্মের মানুষের জন্য কাজ করতে হবে।’

তিনি আরও উল্লেখ করেন, ‘প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন যে দেশে কোনো ধরনের বৈষম্য থাকবে না। রাজনৈতিক মতাদর্শ, ধর্ম ও সংস্কৃতির ভিন্নতা থাকা স্বাভাবিক হলেও এসব বৈচিত্র্যের মধ্যে ঐক্য প্রতিষ্ঠাই সরকারের মূল লক্ষ্য। এটাই সরকারের নীতি এবং সেই নীতিতেই আমরা কাজ করছি।’

এমআর//