ঢাকা, শনিবার   ১৮ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৪ ১৪৩৩

গাজীপুর ও নাটোরে পানিতে ডুবে চারজনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৬ পিএম, ১৭ এপ্রিল ২০২৬ শুক্রবার

গাজীপুর ও নাটোরে পৃথক ঘটনায় পানিতে ডুবে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) গাজীপুরের শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে দুই কিশোরী এবং নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়।

গাজীপুর প্রতিনিধি জানান, শ্রীপুর উপজেলার খোঁজেখানি এলাকায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে সুবর্ণা আক্তার ও মীম আক্তার নামে দুই কিশোরীর মৃত্যু হয়েছে। দুপুরে এ ঘটনা ঘটে। সুবর্ণা খোঁজেখানি গ্রামের শ্যামল মোড়লের মেয়ে এবং মীম একই এলাকার মিলন মিয়ার মেয়ে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খাইরুল আলম জানান, স্থানীয় কয়েকজনের সঙ্গে নদীতে গোসল করতে নেমে অসাবধানতাবশত পানিতে তলিয়ে যায় তারা। পরে স্থানীয়রা সুবর্ণার মরদেহ উদ্ধার করে। নিখোঁজ মীমকে খুঁজতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করে।

অন্যদিকে নাটোর প্রতিনিধি জানান, সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড় আদিমপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলো—প্রবাসী আব্দুল মমিনের ছেলে তামিম হোসেন (১২) ও ফাহিম হোসেন (১৩)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় তারা। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে পুকুর থেকে দুই ভাইকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ঘটনায় দুই এলাকাতেই শোকের ছায়া নেমে এসেছে।

এমআর//