তেলের দাম বাড়ানোর সাথে আইএমএফের সম্পর্ক নেই: অর্থমন্ত্রী
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:৩৭ পিএম, ১৯ এপ্রিল ২০২৬ রবিবার
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে তেলের দাম বাড়ানোর কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘তেলের দাম তো আইএমএফ মিটিংয়ে যাওয়ার আগে বাড়ানো হয়েছে।’
রোববার (১৯ এপ্রিল) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, সারা দুনিয়ায় তেলের দাম বাড়ানো হয়েছে। বাংলাদেশ একটি দেশ যেখানে শেষ পর্যন্ত আমরা বাড়াইনি, বাংলাদেশের জনগণের স্বার্থ সংরক্ষণ করে তাদের কথা মাথায় রেখে।
অর্থমন্ত্রী বলেন, আমাদের সবাই বলছে আপনারা তেলের দাম বাড়াচ্ছেন না কেন, বাড়াচ্ছেন না কেন, আপনার তহবিল তো খালি হয়ে যাচ্ছে। তেলের দাম না বাড়ালে সরকার দেশ চালাবে কী করে?
তিনি বলেন, দামও কিন্তু বেশি বাড়াইনি। আমেরিকাতে দাম দ্বিগুণ হয়ে গেছে।
তেলের দাম যতটুকু বাড়ানো হয়েছে তা খুবই নগণ্য বলেও মন্তব্য করেন তিনি। অর্থমন্ত্রী বলেন, ‘এটা বাড়াতে হয়েছে শুধু আমাদের তহবিলের ওপর এত চাপ আসছে, আমাদের তো বাকি প্রোগ্রাম চালাতে হবে।’
মূল্যস্ফীতি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, মূল্যস্ফীতি বাড়তেও পারে, আবার নাও বাড়তে পারে, সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
তিনি আরও জানান, সব দাতা সংস্থাই বর্তমান সরকারকে সহযোগিতা করতে আগ্রহী। শিগগিরই বিশ্বব্যাংক ও এডিবির প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে আসবেন বলেও মন্তব্য করেন তিনি।
এমআর//
