সিরাজগঞ্জের মানুষের ভালবাসায় সিক্ত হলেন প্রধানমন্ত্রী
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ১০:৫০ এএম, ২০ এপ্রিল ২০২৬ সোমবার | আপডেট: ১২:২০ পিএম, ২০ এপ্রিল ২০২৬ সোমবার
ঢাকা থেকে সড়কপথে বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জের মহাসড়কের পথে পথে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান। উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জে মহাসড়কের মোড়ে মোড়ে ছিল দলীয় নেতাকর্মীদের ভীড়।
সোমবার সকাল ৯টার দিকে তিনি যমুনা সেতুর পশ্চিমপাড় কড্ডার মোড় এলাকা অতিক্রম করেন।
এ সময় আগে থেকেই উপস্থিত সড়কের দুই পাশে থাকা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। এ সময় গাড়িতে থাকা তারেক রহমানও হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানান।
যমুনা সেতুর পশ্চিম পাড় সংযোগ সড়কের গোলচত্বর ছাড়াও মহাসড়কের সিরাজগঞ্জ অংশের সয়দাবাদ, মুলিবাড়ী,কড্ডার মোড়, কামাখন্দের ঝাউল, বাগবাড়ী, রায়গঞ্জের নলকা, হাটিকুমরুল গোলচত্বর, ভুঁইয়াগাঁতী বাজার ও চান্দাইকোনা বাজারে বিএনপি’র বিপুলসংখ্যক নেতা-কর্মী প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
সকাল পৌনে নয়টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বাস যমুনা সেতুর পশ্চিম পাড় সংযোগ সড়ক অতিক্রম করার সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমবেত ছাত্র জনতা প্রধানমন্ত্রীকে স্বাগত জানায় এবং তাদের শ্লোগানে চারিদিক মুখরিত হয়ে ওঠে।
এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীরা রং বেরংয়ের ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড হাতে মহাসড়কের দু’পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকেন।
এএইচ
