ঢাকা, সোমবার   ২০ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৭ ১৪৩৩

বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত : ১১:১২ এএম, ২০ এপ্রিল ২০২৬ সোমবার | আপডেট: ১২:১৪ পিএম, ২০ এপ্রিল ২০২৬ সোমবার

বগুড়ায় পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জন্মভূমিতে গেলেন তিনি।

সোমবার (২০ এপ্রিল) তিনি সড়কপথে ঢাকার বাসভবন থেকে রওনা হয়ে সকাল ৯টা ৫৫ মিনিটে বগুড়া শহরের সার্কিট হাউজে পৌঁছান।

এ সময় প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। 

প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে উত্তরাঞ্চলের মানুষের মধ্যে উৎসাহ-উদ্দিপনা দেখা গেছে। মহাসড়কের বিভিন্ন ভিন্ন মোড়ে মোড়ে দাঁড়িয়ে শত শত মানুষ প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও এ সময় হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন।

সফরসূচি সূত্রে জানা যায়, বেলা ১১টায় বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। এরপর বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন এবং সিটি করপোরেশনের আনুষ্ঠানিক কার্যক্রমের ঘোষণা দেওয়ার কথা রয়েছে।

দিনের দ্বিতীয়ার্ধে গাবতলী উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে রয়েছে খাল খনন কর্মসূচি, ফ্যামিলি কার্ড বিতরণ এবং হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন।

পরে তিনি নিজ পৈতৃক বাড়ি যাবেন এবং বিকেলে পুনরায় শহরে ফিরবেন। বিকেল ৪টায় জেলা বিএনপির আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

তার এই সফরকে ঘিরে বগুড়া শহর ও আশপাশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সকাল থেকেই শহরের বিভিন্ন প্রবেশমুখে নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে ভিড় করেন, তাকে এক নজর দেখার জন্য।

এএইচ