ঢাকা, সোমবার   ২০ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৭ ১৪৩৩

দ্বিতীয় বিয়ের পথে প্রথম স্ত্রীর কবর জিয়ারত, কান্নায় ভেঙে পড়লেন স্বামী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:১৬ পিএম, ২০ এপ্রিল ২০২৬ সোমবার | আপডেট: ০৫:১৯ পিএম, ২০ এপ্রিল ২০২৬ সোমবার

দ্বিতীয় বিয়েতে যাওয়ার পথে একমাত্র মেয়েকে নিয়ে প্রথম স্ত্রীর কবর জিয়ারত করতে গিয়ে আবেগে ভেঙে পড়েন এক স্বামী। কুমিল্লার সদর উপজেলায় ঘটে যাওয়া এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) কুমিল্লা সদর উপজেলার বালুতুপা এলাকায় রিয়াদ নামের এক ব্যক্তি বর সাজে দ্বিতীয় বিয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে রওয়ানা হন। পথে একটি কবরস্থানের সামনে এসে তিনি গাড়ি থামান এবং একমাত্র মেয়েকে সঙ্গে নিয়ে প্রথম স্ত্রীর কবর জিয়ারত করতে যান।

স্থানীয় সূত্রে জানা যায়, রিয়াদের প্রথম স্ত্রী ২০২৩ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। দীর্ঘদিন একা থাকার পর পারিবারিক সিদ্ধান্তে দ্বিতীয় বিয়েতে সম্মতি দেন তিনি।

কবরের পাশে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকার পর হঠাৎই কান্নায় ভেঙে পড়েন রিয়াদ। আবেগাপ্লুত সেই মুহূর্তে তার চোখের জল থামেনি। পরে গাড়িতে ফিরে গেলেও তাকে অঝোরে কাঁদতে দেখা যায়।

ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুতই ভাইরাল হয়ে যায়। অনেকেই এটিকে ভালোবাসা, স্মৃতি আর বাস্তবতার এক মর্মস্পর্শী প্রকাশ হিসেবে দেখছেন।

স্থানীয় বাসিন্দা মন্টি বলেন, “নতুন জীবনে পা রাখার আগে পুরোনো স্মৃতির প্রতি এমন সম্মান দেখানোর দৃশ্যটি সত্যিই হৃদয়স্পর্শী।”

এ বিষয়ে রিয়াদ জানান, ২০১৭ সালের ১৮ জুলাই ছিল তাদের বিয়ের দিন—একটি পবিত্র সম্পর্কের সূচনা। প্রায় ছয় বছরের দাম্পত্য জীবনে তার স্ত্রীই ছিলেন সবচেয়ে বড় আশ্রয় ও শান্তির জায়গা।

তিনি আরও বলেন, “২০২৩ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে আমার স্ত্রী মারা যান। আজ নতুন জীবনে পা রাখার আগে তাকে স্মরণ করতেই কবর জিয়ারত করতে এসেছিলাম।”

রিয়াদ সবার কাছে তার প্রয়াত স্ত্রীর জন্য দোয়া কামনা করেছেন।

এমআর//