ঢাকা, সোমবার   ২০ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৭ ১৪৩৩

ফরিদপুরের ভাঙ্গায় ম্যানহোলে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৮ পিএম, ২০ এপ্রিল ২০২৬ সোমবার

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় খোলা ম্যানহোলে পড়ে মাসুম (৪০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে ভাঙ্গা পৌরসভার মাছবাজার সংলগ্ন একটি বহুতল ভবনের পাশে এ ঘটনা ঘটে।

নিহত মাসুম পিরোজপুরের নাজিরপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের আব্দুল হাই শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নির্মাণকাজ চলাকালীন অসাবধানতাবশত ভবনের পাশের একটি খোলা ম্যানহোলে পড়ে যান তিনি। এ সময় আশপাশের লোকজন বিষয়টি দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ম্যানহোল থেকে ওই নির্মাণ শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

এমআর//