ঢাকা, মঙ্গলবার   ২১ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৮ ১৪৩৩

সোনারগাঁয়ে ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা নেওয়ার অভিযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৮ পিএম, ২১ এপ্রিল ২০২৬ মঙ্গলবার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষায় ভুল প্রশ্ন বিতরণের অভিযোগ উঠেছে। পরে সময় বাড়িয়ে পুনরায় সঠিক প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়। এ ঘটনায় কেন্দ্র সচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে উপজেলার কাচঁপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের অভিযোগ, সকাল ১০টায় পরীক্ষা শুরুর পর তিনটি কক্ষে ১৭৭ জন পরীক্ষার্থীকে ২০২৫ সালের প্রশ্নপত্র দেওয়া হয়। বিষয়টি দায়িত্বরত শিক্ষকদের জানানো হলেও শুরুতে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরে বেলা সাড়ে ১১টার দিকে প্রশ্নপত্র পরিবর্তন করে ২০২৬ সালের প্রশ্ন দেওয়া হয় এবং অতিরিক্ত সময় বরাদ্দ করা হয়।

তবে শিক্ষার্থীদের দাবি, সময় বাড়ানো হলেও নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই তাদের খাতা নিয়ে নেওয়া হয়েছে, ফলে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন।

অভিভাবকরা কেন্দ্রের দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে বলেন, এ ধরনের ঘটনায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সিনহা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী মেঘা ও সুমাইয়া আক্তার বলেন, “আমরা বারবার বিষয়টি জানালেও শিক্ষকরা গুরুত্ব দেননি। পরে দেড় ঘণ্টা পর সঠিক প্রশ্ন দেওয়া হয় এবং প্রায় এক ঘণ্টা ২৫ মিনিট সময় বাড়ানো হয়।”

কেন্দ্র সচিব ও কাচঁপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিন সরকার বলেন, “ভুলবশত ২০২৫ সালের প্রশ্ন দেওয়া হয়েছিল। পরে তা সংশোধন করে সময় বাড়িয়ে ২০২৬ সালের প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়।”

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত বলেন, “ভুলক্রমে আগের বছরের প্রশ্ন দেওয়া হয়েছিল। পরে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে কথা বলে সময় বাড়িয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। এ ঘটনায় কেন্দ্র সচিবকে ইতোমধ্যে অব্যাহতি দেওয়া হয়েছে।”

এমআর//