জুলাই থেকে স্কুলড্রেস ও পাটের ব্যাগ পাচ্ছে শিক্ষার্থীরা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:৩৭ পিএম, ২২ এপ্রিল ২০২৬ বুধবার
জুলাই মাস থেকে স্কুলড্রেস ও পাটের তৈরি ব্যাগ শিক্ষার্থীদের পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।
বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন।
তিনি জানান, পাইলট আকারে কার্যক্রমটি শুরু হচ্ছে। প্রথম শ্রেণী থেকে প্রাথমিকভাবে শুরু হচ্ছে। প্রতি উপজেলায় দুটি করে স্কুলে দেওয়া হবে।
মাহদী আমিন বলেন, স্কুল নির্বাচন করবেন স্থানীয় প্রশাসন। প্রথম মাসে অন্তত এক লাখ শিক্ষার্থীর মাঝে ব্যাগ ও পোশাক পৌঁছে দেওয়ার লক্ষ্য।
তিনি আরও বলেন, তিনটি মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ এটি। প্রান্তিক এলাকা পর্যন্ত দেশীয় উৎপাদিত পণ্য পর্যায়ক্রমে পৌঁছে দেয়া হবে ন্যায্যতা ও সমতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বাংলাদেশ একদম তৃণমূল থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত প্রান্তিক এলাকায় আমরা ধাপে ধাপে একই ধরনের পোশাক, একই ধরনের ব্যাগ এবং দেশে উৎপাদিত পণ্য পৌঁছে দেব। এই উদ্যোগের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর যে দীর্ঘদিনের একটা ভিশন ছিল বাংলাদেশে আমাদের নিজেদের উৎপাদিত যে কোনো পণ্য, সারা বাংলাদেশে আমরা ছড়িয়ে দিতে পারবো।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সকল প্রাথমিক স্কুলে একইরকম পোশাক হবে। তবে ছেলে এবং মেয়েদের পোশাক ও ব্যাগ আলাদা হবে।
তিনি বলেন, পাট-শিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনাই মূল লক্ষ্য। এই উদ্যোগের ফলে পলিথিন থেকে সরে আসতে উদ্বুদ্ধ হবে জনগণ।
এএইচ
