ঢাকা, বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১০ ১৪৩৩

পশ্চিমবঙ্গে ভোটগ্রহণের শুরুতেই বিক্ষিপ্ত সংঘর্ষ, আহত ৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৬ এএম, ২৩ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার

পশ্চিমবঙ্গে ভোটগ্রহণ শুরু হতেই বিভিন্ন এলাকা থেকে বিক্ষিপ্ত বিশৃঙ্খলার খবর পাওয়া যাচ্ছে। মুর্শিদাবাদের ডোমকল কেন্দ্রে সিপিআই (এম) ও তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে সংঘর্ষে চার জন আহত হন। এর ফলে ২১৭ নম্বর বুথে ভোট দিতে যেতে পারছেন না স্থানীয়রা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৭টা থেকে রাজ্যের ১৬ জেলায় ভোটগ্রহণ শুরু হয়। 

মুর্শিদাবাদ পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পরে মাইকিং করে মানুষকে ভোট দিতে যাওয়ার আবেদন ও নিরাপত্তার আশ্বাস দিয়েছে পুলিশ।

অন্যদিকে মুর্শিদাবাদ জেলারই নওদা বিধানসভার শিবনগরে ভোটকেন্দ্রের কাছেই বোমাবাজির খবর এসেছে। তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে হুমায়ুন কবীরের পার্টি আম জনতা উন্নয়ন পার্টির বিরুদ্ধে। স্থানীয় সংবাদমাধ্যমকে দুই পক্ষের মধ্যে বিশৃ্ঙখলার ঘটনা নিশ্চিত করেছেন হুমায়ুন কবীর নিজেই।

মালদা জেলার মোথাবাড়িতে ইভিএম মেশিনে সমস্যার জেরে প্রায় সাড়ে আটটা পর্যন্ত বন্ধ ছিল ভোটগ্রহণ। পরে সেক্টর অফিসার কেন্দ্রে এলে তার বিরুদ্ধে কর্তব্যে দেরির অভিযোগ তোলেন স্থানীয়রা। তাকে ঘিরে দেখানো হয় বিক্ষোভও।

নির্বাচন কমিশন সূত্রে খবর, সমস্যা মিটিয়ে নিয়ে শুরু হয়েছে ভোটগ্রহণ।

প্রথম ধাপে মোট ১৫২টি আসনে ভোট হবে। দ্বিতীয় ও শেষ ধাপে ভোট ২৯ এপ্রিল। ৪ মে ভোট গণনা ও ফল প্রকাশ হবে।

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন হলো রাজ্যের ২৯৪টি আসনের জনপ্রতিনিধি নির্বাচিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। এই নির্বাচনের মাধ্যমে রাজ্যটির নতুন সরকার গঠিত হবে। মূল প্রতিদ্বন্দ্বিতা হবে দুই প্রধান শক্তি, বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস (টিএমসি) এবং প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-এর মধ্যে। কোনও দল বা জোট যদি ২৯৪টি আসনের মধ্যে ১৪৮টি বা তার বেশি আসনে জয়লাভ করে, তাহলে তারাই সরকার গঠন করবে।

এএইচ