ঢাকা, শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১১ ১৪৩৩

ভূমিমন্ত্রীর আশ্বাসে অনশন ভাঙলেন ভূমিহীনরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:২৬ পিএম, ২৪ এপ্রিল ২০২৬ শুক্রবার

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর হস্তক্ষেপে তিন দফা দাবিতে চলমান আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহার করেছে ভূমিহীনরা।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে রাজশাহী মহানগরীর পদ্মা আবাসিক এলাকায় মন্ত্রীর বাসভবনের সামনে অনশন শুরু করেন বিক্ষোভকারীরা। পরে মন্ত্রী নিজে তাদের পানি পান করিয়ে অনশন ভাঙান এবং খাস জমি বরাদ্দের প্রতিশ্রুতি দেন।

এর আগে বেলা ১১টায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভূমিমন্ত্রী দীর্ঘদিনের বাসিন্দাদের মাত্র চার ঘণ্টার নোটিশে উচ্ছেদের প্রচেষ্টাকে ‘অন্যায্য ও ষড়যন্ত্রমূলক’ বলে অভিহিত করেন। 

তিনি বলেন, উচ্ছেদ করতে হলে অন্তত ৬-৭ দিন সময় দিতে হবে। তা না করে হঠাৎ করে ঘরবাড়ি ভেঙে দেওয়াটা একজন মানুষ হিসেবে আমি অত্যন্ত অন্যায় মনে করি। অতীতের দায়িত্বপ্রাপ্ত কিছু কর্মকর্তার ব্যর্থতার কারণেই এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অসহায় ও নিঃস্ব মানুষের পাশে থাকা নৈতিক দায়িত্ব।

এসময় সাবেক সরকারের আমলে স্থানীয় ভূমিদস্যুদের কঠোর সমালোচনা করে তিনি বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের সময় লিটন, শাহু ও সাচ্চুর মতো ভূমিদস্যুরা জনগণের এই সম্পদ দখলের চেষ্টা করেছে। ৭০ বছর আগের মালিকানা দাবি দেখিয়ে অর্পিত সম্পত্তি দখল করার কোনো সুযোগ নেই।’

ভূমিদস্যুদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিরোধে আইনি লড়াই জোরদারের আহ্বান জানিয়ে তিনি স্থানীয় আইনজীবীদের নিয়ে একটি প্যানেল গঠনের পরামর্শ দেন। পাশাপাশি তিনি ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তার ঘোষণাও দেন।

খাসজমি প্রসঙ্গে ভূমিমন্ত্রী বলেন, ‘ভূমি মন্ত্রণালয়ের অধীনে থাকা খাসজমি যাতে প্রকৃত ভূমিহীনদের মধ্যে বণ্টন করা হয় সে বিষয়ে সরকার আন্তরিক। প্রয়োজনে প্রতিটি পরিবারকে এক থেকে দুই কাঠা জমি বন্দোবস্ত দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।’

এদিকে, এ ঘটনার জেরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীকে সরাসরি হস্তক্ষেপ না করে স্থানীয়ভাবে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার আহ্বান জানান মন্ত্রী।

এর আগে,এদিন সকালে ভূমিমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি ও তিন দফা দাবিতে আমরণ অনশন শুরু করেন ক্ষতিগ্রস্তরা। 

এমআর//