সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:২৯ পিএম, ২৬ এপ্রিল ২০২৬ রবিবার
দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে আজ সন্ধ্যার মধ্যে সর্বোচ্চ ৮০ কিমি বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরে ২ নম্বর হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিমি বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রবৃষ্টিও হতে পারে।
এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর হুশিয়ারি সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু'এক স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
এতে আরও বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দেশের অন্যত্র তা সামান্য কমতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এএইচ
