ঢাকা, রবিবার   ২৬ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৩ ১৪৩৩

স্ত্রীকে হত্যার ১৪ বছর পর স্বামীর মৃত্যুদণ্ডের রায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:০৭ পিএম, ২৬ এপ্রিল ২০২৬ রবিবার | আপডেট: ০২:১৮ পিএম, ২৬ এপ্রিল ২০২৬ রবিবার

সাড়ে ১৪ বছর আগে ঢাকার কামরাঙ্গীরচরে যৌতুকের জন্য স্ত্রীকে খুনের দায়ে স্বামী সায়েদ আহমেদকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় দেন।

মৃত্যুদণ্ডের পাশাপাশি সায়েদকে দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আসামির স্থাবর/অস্থাবর সম্পত্তি বিক্রয় করে অর্থদণ্ডের টাকা আদায় করে ভিকটিমের পুত্রকে দেওয়ার জন্য ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১০ সালের ২৫ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হন সায়েদ আহমেদ ও রেহানা বেগম। বিয়ের পর থেকেই সায়েদ যৌতুকের টাকা এবং রেহানার নামে থাকা বাড়ি লিখে দিতে মারধর করতেন। এক পর্যায়ে ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রেহানাকে বাসায় হত্যা করেন তার স্বামী।

সকল সাক্ষ্য প্রমাণ শেষে আজ আসামির মৃত্যুদণ্ডের রায় দেন আদালত।

এএইচ