ঢাকা, রবিবার   ২৬ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৩ ১৪৩৩

হাফেজ্জী সেবা পদক ২০২৬ পেলেন ৫৬ ব্যক্তি ও ৮ সংস্থা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৩ পিএম, ২৬ এপ্রিল ২০২৬ রবিবার

মানবসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ ৫৬ ব্যক্তি ও ৮টি সংস্থাকে ‘হাফেজ্জী সেবা পদক-২০২৬’ প্রদান করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর সেনা মালঞ্চে আয়োজিত অনুষ্ঠানে এ পদক তুলে দেওয়া হয়।

সেবামূলক সংস্থা হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এদিন অনুষ্ঠানে মানবসেবামূলক সংস্থা পরিচালনা, মানবিক দায়ী (ইসলাম প্রচারক), মানবিক সাংবাদিকতা, ডিজিটাল মাধ্যমে মানবিক কন্টেন্ট প্রচার, মানবিক শিক্ষকতা, মানবিক চিকিৎসা ও নার্স এবং মানবিক ব্যক্তিত্ব- এই ৭ ক্যাটাগরিতে মোট ৮টি সংস্থা ছাড়াও ৪৮ ব্যক্তিকে এই পদকে ভূষিত করা হয়। 

হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের সভাপতি মাওলানা মাহফুজুল হকের সভাপতিত্বে ও মহাপরিচালক নওমুসলিম মুহাম্মদ রাজের পরিচালনায় এবং সহসভাপতি মুহসিন বিন মুঈনের সঞ্চালনায় হাফেজ্জী সেবা পদক প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সমাজকল্যাণ বিষয়ক মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. আহমদ যায়েদ মাবরুক, মিশরের ইজিপ্টিয়ান ইয়্যুথ কাউন্সিলের চেয়ারম্যান ও ট্রাস্টি সদস্য ড. মোহাম্মদ মামদুহ, তুরষ্কের মারকাজুল বুহুস অলফিকির (IFAM) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. শেখ ইহসান শেনোজাক আফানদি, ফিলিস্তিনি মানবাধিকার ও প্রতিরোধ আন্দোলনের আন্তর্জাতিক মুখপাত্র​​​​​​​​​ফিলিস্তিন ওলামা পরিষদের চেয়ারম্যান ড. নাওয়াফ হাইল তাকরুরী, ইসলামী চিন্তাবিদ ও 
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা আল্লামা মামুনুল হক, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ সহ-সভাপতি আল্লামা আব্দুল হামিদ, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র যুগ্ম আহ্বায়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার প্রমুখ।

আয়োজনের বিষয়ে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের সভাপতি মাওলানা মাহফুজুল হক বলেন, সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসংখ্য মানুষ তাদের মানবিক কার্যক্রমের মাধ্যমে দেশের জন্য এবং দেশের পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নিতে কাজ করেন। আমরা তাদের উৎসাহিত করতে এই উদ্যোগ গ্রহণ করেছি। আমরা বিশ্বাস করি পদক প্রাপ্তির মধ্যদিয়ে এই সকল ব্যক্তি ও সংস্থাগুলোকে তাদের মানবিক কাজগুলোর বিষয়ে আরো বেশি আগ্রহী করবে।

উল্লেখ্য, হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ আর্তমানবতার সেবায় প্রতিষ্ঠিত একটি সংস্থা। এই সংস্থাটি বাংলাদেশে দৃষ্টি ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান এবং মানবিক কার্যক্রম পরিচালনা, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে নানান পদক্ষেপের পাশাপাশি বিশেষ করে ফিলিস্তিন ও সুদানের নিপিড়ীত মুসলামনদের জন্য খাদ্য, আবাসন, চিকিৎসা ও শিক্ষাসহ মানবিক সেবা কার্যক্রম পরিচালনার মধ্যদিয়ে দেশ ও বিদেশে পরিচিত একটি সংস্থা।

এমআর//