ঢাকা, সোমবার   ২৭ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৩ ১৪৩৩

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা, ৪ সন্দেহভাজন আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৮ পিএম, ২৬ এপ্রিল ২০২৬ রবিবার

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার ঘটনায় চার সন্দেহভাজনকে আটক করেছে র‌্যাব। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম অভিযান চালাচ্ছে।

র‌্যাব-১১ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম জানান, শনিবার (২৫ এপ্রিল) রাত থেকে রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডে সম্পৃক্ত চারজনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে দুজন ভারতে পালানোর চেষ্টা করছিলেন, তাদের সীমান্ত এলাকা থেকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান জোরদার করা হয়েছে এবং জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।

নিহত বুলেট বৈরাগী গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া গ্রামের বাসিন্দা সুশীল বৈরাগীর ছেলে। তিনি ৪১তম বিসিএস (নন-ক্যাডার) হিসেবে কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট বিভাগে যোগ দেন এবং কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, চট্টগ্রামে ৪৪তম বুনিয়াদি প্রশিক্ষণ শেষে শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১১টার দিকে চট্টগ্রামের অলংকার মোড় থেকে বাসে করে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেন তিনি। পথে পরিবারের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল। সর্বশেষ রাত ১টা ২৫ মিনিটে তিনি ফোনে জানান, তিনি কুমিল্লা নগরীর টমছমব্রিজ চৌরাস্তার মোড়ে পৌঁছেছেন। এরপর থেকেই তার সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

পরদিন শনিবার (২৫ এপ্রিল) সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকায় একটি হোটেলের পাশে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা হাইওয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের মা নিলীমা বৈরাগী কুমিল্লার সদর দক্ষিণ থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

রোববার (২৬ এপ্রিল) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে বেলা সাড়ে ১১টার দিকে মরদেহ কুমিল্লা কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয়ে নেওয়া হয়। সেখানে সহকর্মীরা ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। পরে দুপুরে মরদেহ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নেওয়া হয়।

এমআর//