উলশী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:২৮ পিএম, ২৭ এপ্রিল ২০২৬ সোমবার
‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কার্যক্রমের অংশ হিসেবে যশোরের শার্শা উপজেলার উলশী খাল পুনঃখননের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী এই খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন। এরপর সমাবেশে যোগদানের কথা রয়েছে তার।
এর আগে প্রধানমন্ত্রী খালপাড়ে ফলক উন্মোচন করেন। এই ফলকে লেখা আছে, “যশোর জেলার শার্শা উপজেলাধীন উলসী খাল (জিয়া খাল) পুনঃখনন কাজের উদ্বোধন করেন তারেক রহমান এমপি, মাননীয় প্রধানমন্ত্রী, ২৭ এপ্রিল, ২০২৬।”
এ সময় উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।
১৯৭৬ সালের ১ নভেম্বর শার্শা উপজেলার উলসী থেকে যদুনাথপুর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ খাল স্বেচ্ছাশ্রমে খনন করেছিলেন জিয়াউর রহমান, যা ‘জিয়া খাল’ নামে পরিচিত।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যশোরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল ১০টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী এয়ারলাইন্সটি যশোর বিমানবন্দরে অবতরণ করে।
সেখানে তাকে স্বাগত জানান যশোর-৩ আসনের সংসদ সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।
এএইচ
