ফরিদপুরে পদ্মায় জেলেদের বড়শিতে ধরা পড়ল কুমির, এলাকায় আতঙ্ক
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:১৮ পিএম, ২৭ এপ্রিল ২০২৬ সোমবার
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের কাজীবাড়ি ঘাট এলাকায় পদ্মা নদীতে মাছ ধরার সময় জেলেদের বড়শিতে একটি কুমির ধরা পড়েছে।
সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। কুমিরটি ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উৎসুক জনতার ভিড় জমে। একই সঙ্গে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্কও ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বপন বেপারী, সাগর বেপারী, বিল্লাল খান ও শেখ ইলিয়াস নামের চার জেলে নদীতে বড়শি দিয়ে মাছ ধরছিলেন। এ সময় একটি কুমির বড়শিতে আটকে যায়। পরে তারা সেটিকে উদ্ধার করে রশি দিয়ে বেঁধে ঘাটে নিয়ে আসেন।
খবর পেয়ে চরভদ্রাসন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কুমিরটির নিরাপত্তা নিশ্চিত করে।
চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ জানান, বন বিভাগের বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে। তারা এসে কুমিরটি উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
এমআর//
