ঢাকা, মঙ্গলবার   ২৮ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৫ ১৪৩৩

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ৭ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫২ এএম, ২৮ এপ্রিল ২০২৬ মঙ্গলবার

রাজধানী ঢাকাসহ দেশের ৭ অঞ্চলের ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে সর্বোচ্চ ৮০ কিমি বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিমি বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে।

এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর নৌ হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া খুলনা, বরিশাল এবং পটুয়াখালী অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিকে থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এএইচ