ঢাকা, বুধবার   ২৯ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৫ ১৪৩৩

রাজধানীর নিউমার্কেট এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক ব্যক্তি নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৪ পিএম, ২৮ এপ্রিল ২০২৬ মঙ্গলবার

রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৪২ বছর।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে নিউমার্কেট বটতলা শহীদ শাহ নেওয়াজ হল সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেলে নিয়ে আসা পথচারী এক শিক্ষার্থী জানান, রাত ৮টার দিকে বটতলা এলাকার শাহ নেওয়াজ হলের সামনে দুইজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে ওই ব্যক্তিকে এলোপাতাড়ি গুলি করে। গুলিবিদ্ধ হয়ে তিনি রাস্তায় পড়ে গেলে আশপাশের লোকজন ধাওয়া করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় তারা পালানোর সময়ও গুলি ছুড়ে ভয় দেখায় বলে জানান তিনি। দুর্বৃত্তদের মুখে মাস্ক ও ক্যাপ ছিল।

নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এমআর//