সাভারে ডিবি অভিযানে ৫০০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:৪৬ পিএম, ২৯ এপ্রিল ২০২৬ বুধবার
সাভারে গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫০০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
বুধবার (২৯ এপ্রিল) ভোররাতে সাভারের আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধোবারই গ্রামের মৃত ফকির চাঁনের ছেলে মো. বিল্লাল হোসেন (৩২) এবং বড়দেশী গ্রামের রমজান আলীর ছেলে মো. রানা (৪৬)কে আটক করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারদের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল।
গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পরে দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।
এমআর//
