ফরিদপুরে নিখোঁজের ৭ দিন পর শিশুর মরদেহ উদ্ধার
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:৪৫ পিএম, ৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার
ফরিদপুর সদর উপজেলায় নিখোঁজের সাত দিন পর আইরিন আক্তার কবিতা (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) উপজেলার বাখুন্ডা পশ্চিমপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত কবিতা উপজেলার বাখুন্ডা আদর্শ গ্রামের বাকা বিশ্বাসের মেয়ে। সে স্থানীয় বোকাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার সূত্রে জানা যায়, গত ২৪ এপ্রিল থেকে শিশুটি নিখোঁজ ছিল। পরদিন ২৫ এপ্রিল তার বাবা ফরিদপুর কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
বৃহস্পতিবার স্থানীয় কয়েকজন কলাবাগানে কাজ করতে গিয়ে দুর্গন্ধ পেয়ে খোঁজ নিলে মরদেহটি দেখতে পান। পরে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ফরিদপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট।
ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে বলেও জানান তিনি।
এমআর//
