ঢাকা, শুক্রবার   ০১ মে ২০২৬,   বৈশাখ ১৮ ১৪৩৩

ফরিদপুরে শিশুহত্যার রহস্য উদ্ঘাটন, ইজিবাইকচালকসহ গ্রেপ্তার ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:০৬ পিএম, ১ মে ২০২৬ শুক্রবার

ফরিদপুরে সাত বছরের এক কন্যাশিশুকে হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় ইজিবাইকচালকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ফরিদপুর সদর উপজেলার বাখুন্ডা রেলস্টেশনসংলগ্ন একটি কলাবাগান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

শুক্রবার (১ মে) দুপুরে কোতোয়ালি থানার সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমির এ তথ্য জানান।

পুলিশ জানায়, চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে গত ২৪ এপ্রিল শিশুটিকে বাখুন্ডা আশ্রয়ণ প্রকল্পের একটি পরিত্যক্ত বসতঘরে নিয়ে যান ইজিবাইকচালক ইসরাফিল মৃধা (২৪)। সেখানে তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হন। পরে শিশুটি বিষয়টি পরিবারকে জানিয়ে দেবে—এ আশঙ্কায় তাকে গলা টিপে হত্যা করেন।

হত্যার পর লাশ পাশের একটি বাড়ির শৌচাগারের সেপটিক ট্যাংকে ফেলে দেন ইসরাফিল। পরে দুর্গন্ধ পেয়ে বাড়ির মালিক নাছিমা বেগম (৪৫) লাশটি উদ্ধার করে তাঁর দুই ছেলের সহায়তায় ড্রামে ভরে বাখুন্ডা রেলস্টেশনসংলগ্ন কলাবাগানে ফেলে দেন।

ঘটনার পর শিশুটির বাবা অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। তদন্তের এক পর্যায়ে বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যার মধ্যে ইসরাফিল মৃধা, নাছিমা বেগম এবং তাঁর ছেলে শেখ আমিনকে (১৯) গ্রেপ্তার করে পুলিশ।

এ সময় আলামত হিসেবে শিশুটির প্যান্ট, স্যান্ডেল, লাশ বহনে ব্যবহৃত প্লাস্টিকের ড্রাম ও একটি কম্বল জব্দ করা হয়।

উল্লেখ্য, নিহত শিশুটি সদর উপজেলার একটি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ছিল। তার বাবা পেশায় রিকশাচালক এবং সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী ছিল।

এমআর//