ঢাকা, রবিবার   ০৩ মে ২০২৬,   বৈশাখ ২০ ১৪৩৩

উচ্চতর বেতন স্কেল পাচ্ছেন ২ হাজার শিক্ষক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৫৭ পিএম, ৩ মে ২০২৬ রবিবার

এমপিওভুক্ত স্কুল-কলেজের আরও দুই হাজার শিক্ষক-কর্মচারীকে উচ্চতর বেতন স্কেল দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

শনিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মে মাসের এমপিও (বেতন-ভাতার সরকারি অংশ) কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, বেসরকারি স্কুলের ১ হাজার ৭৮২ এবং কলেজের ২১৯ জন শিক্ষক-কর্মচারী উচ্চতর গ্রড স্কেল পাচ্ছেন।

সভায় অংশ নেওয়া কর্মকর্তারা জানান, উচ্চতর গ্রেড পাওয়া স্কুলের শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ২৩৬, চট্টগ্রামের ১৫৮, কুমিল্লার ১২৮, ঢাকার ১৯৪, খুলনার ২৫৩, ময়মনসিংহের ২৬০, রাজশাহীর ২৮০, রংপুরের ২১৩ এবং সিলেটের ৬০ জন রয়েছেন।

অপরদিকে উচ্চতর গ্রেড পাওয়া কলেজের শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ১৭, চট্টগ্রামের ৭, কুমিল্লার ২৭, ঢাকার ২৬, খুলনার ৩৭, ময়মনসিংহের ২৩, রাজশাহীর ৬৩, রংপুরের ১২ এবং সিলেটের ৭ জন রয়েছেন।

জানা গেছে, সভায় সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। মাউশি অধিদপ্তরের নয়জন করে আঞ্চলিক পরিচালক ও উপপরিচালক অংশ নেন।

এএইচ