ঢাকা, রবিবার   ০৩ মে ২০২৬,   বৈশাখ ২০ ১৪৩৩

শ্রীমঙ্গলে মসজিদে নামাজরত বৃদ্ধকে হত্যা, আহত ২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৪১ পিএম, ৩ মে ২০২৬ রবিবার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদের ভেতরে ফজরের নামাজ চলাকালে এক বৃদ্ধ মুসল্লিকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও দুইজন মুসল্লি আহত হয়েছেন। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে।

রোববার (৩ মে) ভোরে উপজেলার ভুনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল গ্রামের পশ্চিম লইয়ারকুল ফোরকানিয়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। 

নিহত হাফিজ উল্লাহ (৮০) একই গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে টং দোকান পরিচালনা করতেন।

 শ্রীমঙ্গল থানার এসআই সজিব চৌধুরীর জানান, রোববার ভোরে ফজরের নামাজ আদায় করতে মসজিদে যান হাফিজ উল্লাহ। মসজিদের ইমাম ছুটিতে থাকায় তিনি নিজেই আজান দেন এবং নামাজে ইমামতি করেন। নামাজের দ্বিতীয় রাকাতে রুকুর সময় একই এলাকার শওকত আলীর ছেলে জসিম মিয়া (৩২) পেছন থেকে বলপয়েন্ট কলম দিয়ে উপর্যুপরি আঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হয়ে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয় মুসল্লিরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় হামলা প্রতিরোধে এগিয়ে গেলে আরও দুই মুসল্লি আহত হন।

পশ্চিম লইয়ারকুল গ্রামের রাহুল মিয়া জানান, অভিযুক্ত জসিম মিয়া প্রায়ই হাফিজ উল্লাহর দোকান থেকে বাকিতে পণ্য নিতে চাইতেন। এ নিয়ে শনিবার উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়, যার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার খবর পেয়ে শ্রীমঙ্গল থানার এসআই সজিব চৌধুরীর নেতৃত্বে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তের বাড়ি থেকে জসিম মিয়াকে গ্রেফতার করে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং অভিযুক্তকে গ্রেফতার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এএইচ