টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:০৯ পিএম, ৩ মে ২০২৬ রবিবার
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। রোববার (৩ মে) ভোরের কিছু আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে পাকিস্তান দলকে বহনকারী বিমান।
অধিনায়ক শান মাসুদের নেতৃত্বে ১৬ সদস্যের স্কোয়াডের বড় অংশই এ সফরে এসেছে। তবে স্কোয়াডে নেই বাবর আজম ও পেসার খুররাম শাহজাদ। পিএসএলের ফাইনাল খেলতে বর্তমানে তারা দলের বাইরে রয়েছেন। টুর্নামেন্ট শেষে তারা বাংলাদেশে দলের সঙ্গে যোগ দেবেন বলে জানা গেছে।
পাকিস্তান দল ঢাকা আসার আগে করাচিতে চার দিনের একটি প্রস্তুতি ক্যাম্প করেছে। সেখানে ফিটনেসে বাড়তি গুরুত্ব দেয়া হয় এবং ম্যাচ পরিস্থিতি ধরে অনুশীলনও করেছে দলটি। স্কোয়াডে থাকা কয়েকজন খেলোয়াড় এবার টেস্ট অভিষেকের অপেক্ষায় রয়েছেন।
বাংলাদেশ সফরটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় দু’দলই এটিকে গুরুত্বের সঙ্গে নিচ্ছে। পাকিস্তান দলকে বিমানবন্দরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে হোটেলে নেয়া হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে পুলিশ ও র্যাবের সমন্বয়ে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়।
সূচি অনুযায়ী, সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ৮ মে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
পাকিস্তান টেস্ট স্কোয়াড: শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী আগা, সৌদ শাকিল ও শাহীন শাহ আফ্রিদি।
এমআর//
