ঢাকা, রবিবার   ০৩ মে ২০২৬,   বৈশাখ ২০ ১৪৩৩

ঢাকা আইনজীবী সমিতির এজিএস নির্বাচিত হলেন মেহেদী হাসান জুয়েল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৪৭ পিএম, ৩ মে ২০২৬ রবিবার

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) থেকে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মেহেদী হাসান জুয়েল।

তিনি ১১ দলীয় জোট সমর্থিত আইনজীবী ঐক্য প্যানেল (সবুজ প্যানেল) এর প্রার্থীকে পরাজিত করে এ বিজয় অর্জন করেন।

মেহেদী হাসান জুয়েল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী। তার এ বিজয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং আইন অঙ্গনের সহকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

তৃণমূল থেকে উঠে আসা এই তরুণ আইনজীবী নেতা কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বাসিন্দা। পড়াশোনা ও পেশাগত কারণে তিনি ঢাকায় স্থায়ীভাবে বসবাস করছেন। শুরু থেকেই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আদর্শে উজ্জীবিত হয়ে রাজনীতিতে সক্রিয় রয়েছেন। ছাত্র রাজনীতি শেষে বর্তমানে যুবদলের রাজনীতিতে সক্রিয় আছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সদস্য এবং ঢাকা আইনজীবী সমিতির সাবেক নির্বাচিত সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনেও তিনি রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের আস্থাভাজন হিসেবে বিভিন্ন কর্মসূচিতে সম্মুখ সারিতে ছিলেন তিনি।

পেশাগত জীবনেও মেহেদী হাসান জুয়েল আইন অঙ্গনে দক্ষ ও সুনামধন্য আইনজীবী হিসেবে পরিচিত। সাধারণ আইনজীবীদের অধিকার রক্ষা এবং বিচারপ্রার্থীদের আইনি সহায়তা প্রদানে তার নিরলস পরিশ্রমই তাকে এ বিজয়ে পৌঁছে দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত এ নেতা বলেন, সাধারণ আইনজীবীরা তার ওপর যে বিশ্বাস রেখেছেন, তিনি তার মর্যাদা রক্ষা করবেন। পাশাপাশি ঢাকা বারকে একটি আধুনিক ও গতিশীল প্রতিষ্ঠানে রূপ দিতে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন।

এমআর//