বগুড়ায় স্যান্ডেলে লুকানো ১,৫০০ ইয়াবা, গ্রেপ্তার ১
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:১৪ পিএম, ৩ মে ২০২৬ রবিবার
বগুড়ার শাহজাহানপুরে স্যান্ডেলের সোলের ভেতরে বিশেষ কায়দায় লুকানো ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
রোববার (৩ মে) বিকেল ৬টার দিকে বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক জিললুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার ব্যক্তি মো. ফরিদুল ইসলাম ওরফে বাবু (৪০)। তিনি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার নলঘড়িয়া গ্রামের বাসিন্দা। সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের শাহজাহানপুর থানাধীন নয়মাইল জামালপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে নওগাঁগামী ‘শাহ ফতেহ আলী পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। এ সময় এইচ-৪ নম্বর সিটে টিকিটবিহীন অবস্থায় বসে থাকা সন্দেহভাজন যাত্রীর দেহ তল্লাশি করা হয়। পরে তার পরিহিত স্যান্ডেলের সোলের ভেতরে লুকানো দুটি পলিপ্যাকেট থেকে ৭৫০ পিস করে মোট ১ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এছাড়া তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ব্যবহৃত এক জোড়া স্যান্ডেল জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় শাহজাহানপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন থানার পরিদর্শক মো. সামসুল আলম।
বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক জিললুর রহমান জানান, উদ্ধারকৃত ইয়াবার এই চালানের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এমআর//
