এগিয়ে বিজেপি, এখনই পরাজয় মানতে নারাজ মমতা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:২৩ পিএম, ৪ মে ২০২৬ সোমবার
ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে এ পর্যন্ত পাওয়া ফলাফলে দেখা যাচ্ছে বিজেপি এগিয়ে রয়েছে। বেশিরভাগ আসনে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বি তৃণমূল কংগ্রেস। তবে এখনই পরাজয় মেনে নিতে প্রস্তুত নন মমতা বন্দ্যোপাধ্যায়।
বাংলাদেশ সময় সোমবার দুপুর ২টা পর্যন্ত গণনা করা ভোটের প্রবণতা অনুযায়ী, বিজেপি এগিয়ে আছে ১৯৩ আসনে। আর তৃণমূল ৯৬ আসনে এগিয়ে।
এর আগে সোমবার দুপুর সাড়ে ১২টায় সামাজিকমাধ্যমে এক ভিডিও বার্তায় কর্মীদের সতর্ক করেন মমতা।
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার ভবানীপুর আসনে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ব্যবধানে এগিয়ে আছেন। এখানে তাঁর প্রতিদ্বন্দ্বী বিধানসভার বিরোধীদলীয় নেতা বিজেপির শুভেন্দু অধিকারী।
ইভিএমে পঞ্চম দফার গণনা শেষে এখানে মমতা ২৫ হাজার ৯৪২ ভোট পেয়েছেন। আর শুভেন্দু পেয়েছেন ৯ হাজার ২৩৬ ভোট। ব্যবধান ১৬ হাজার ৭০৬ ভোট।
পশ্চিমবঙ্গে বিজেপির তুলনায় তৃণমূল কংগ্রেস পিছিয়ে থাকলেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বেলা সাড়ে বারোটা নাগাদ জানিয়ে দিলেন, তিনি বা তার দল পরাজয় মেনে নিতে এখনও প্রস্তুত নন।
তিনি ভিডিও বার্তায় বলেছেন, “কাউন্টিং এজেন্টরা কেউ গণনাকেন্দ্র থেকে সরে আসবেন না। তৃণমূল কংগ্রেস এখনো ৭০ থেকে ১০০ আসনে এগিয়ে আছে, যেগুলো দেখাচ্ছে না।” নির্বাচনি ফলাফলের নামে ‘গোটাটাই মিথ্যে জিনিস খাওয়াচ্ছে’ বলেও তিনি দাবি করেন।
নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ’ইচ্ছেমতো খেলছে’ বলেও তিনি মন্তব্য করেন।
তৃণমূল কংগ্রেসের নেত্রী আরো বলেন, “আমি প্রথম থেকেই বলছি ওদেরগুলো (বিজেপি) আগে দেখাবে, পরে আমাদের (তৃণমূলের) জেতা আসনগুলো দেখাবে।” ‘সূর্যাস্তের পর’ তৃণমূল ঠিকই জিতবে বলেও তিনি মন্তব্য করেছেন। দলের নেতা-কর্মী ও গণনাকেন্দ্রে যে এজেন্টরা আছেন তাদের ‘বাঘের বাচ্চার মতো লড়ে যেতে’ও আহ্বান জানান তিনি।
এএইচ
