ঢাকা, সোমবার   ০৪ মে ২০২৬,   বৈশাখ ২১ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের গ্রামের বাড়িতে দাফনের প্রস্তুতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৪২ পিএম, ৪ মে ২০২৬ সোমবার | আপডেট: ০৫:৪৬ পিএম, ৪ মে ২০২৬ সোমবার

ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ নিজ জেলা জামালপুরে আনা হয়েছে।

সোমবার (৪ মে) বাদ মাগরিব মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের লালডোবা গ্রামে পারিবারিক কবরস্থানে দাদা-দাদীর কবরের পাশে তাকে দাফন করা হবে।

এর আগে দুপুর সাড়ে তিনটার দিকে লিমনের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে তাকে একনজর দেখতে আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর ঢল নামে। পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্যরা লিমনের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না।

পারিবারিক সূত্রে জানা গেছে, বাদ মাগরিব জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে। এ লক্ষ্যে এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করা হয়েছে।

উল্লেখ্য, জামিল আহমেদ লিমন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। গত ১৬ এপ্রিল তিনি নিখোঁজ হন। পরে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার রুমমেট, মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করা হয়েছে। একই ঘটনায় নাহিদা সুলতানা বৃষ্টি নামের আরেক বাংলাদেশি শিক্ষার্থীও নিহত হন।

এমআর//